সোদপুরঃ মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেটও কাজ করছে না! প্রাকৃতিক দুর্যোগের সময় এমন পরিস্থিতিতে যোগাযোগ করাই বড় চ্যালেঞ্জ। কিন্তু মোবাইল পরিষেবা পুরোপুরি অচল হয়ে গেলেও জরুরি বার্তা পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাই হাতেকলমে দেখানো হল সোদপুরে হ্যাম রেডিওর বিশেষ মহড়ায়।
সোদপুর রেলওয়ে পার্কে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে এই মকড্রিলের আয়োজন করা হয়। তৈরি করা হয় একাধিক অস্থায়ী হ্যাম রেডিও স্টেশন। একসঙ্গে প্রায় ১০টি স্টেশন চালু করে কীভাবে দ্রুত বার্তা আদানপ্রদান করা যায়, মহড়ায় সেটিই দেখানো হয়। ভূমিকম্প, বন্যা বা অন্য কোনও বড় প্রাকৃতিক বিপর্যয়ে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। সেই সময় উদ্ধারকারী দল, প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলায় যুক্ত কর্মীদের মধ্যে যোগাযোগ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাম রেডিও কীভাবে সেই বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারে, সোদপুরের মহড়ায় তা তুলে ধরা হয়। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও IACDM-এর প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার সিভিল ডিফেন্স কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
শুধু প্রশিক্ষিত কর্মীরাই নন, নতুন প্রজন্মের পড়ুয়াদেরও বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়ে প্রস্তুত করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাতে-কলমে অস্থায়ী হ্যাম রেডিও স্টেশন তৈরি করে কীভাবে বার্তা পাঠানো ও গ্রহণ করা যায়, সেটিও শেখানো হয়।
বিষয় : Sodepur Disaster Management Group

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন