কলকাতা: অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া চরম বিভ্রান্তির অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি মাসে কোন সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে এবং চলতি অগস্ট মাসের অর্থ ঠিক কবে থেকে মিলবে, নবান্ন থেকে তার স্পষ্ট দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পরিচালনা নিয়ে দুর্নীতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিজেপি সরকারের আমলে আর কোনো আর্থিক অনিশ্চয়তা বা অনিয়ম সহ্য করা হবে না।
নবান্নে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন ও অনলাইনে ২ কোটি ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ১০ অগস্ট সাংবাদিক বৈঠক করে যোগ্য উপভোক্তাদের তালিকা স্পষ্ট করা হবে। এর পরই আগামী ১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টগুলিতে ৩ হাজার টাকা করে পৌঁছাতে শুরু করবে। আর পরবর্তী মাসগুলি থেকে, অর্থাৎ বিজেপি সরকার থাকা পর্যন্ত, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্দিষ্ট নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হবে উপভোক্তাদের কাছে।
পূর্বতন সরকারের মেয়াদকালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বকেয়া থাকা ও অনিয়মের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, অতীত সরকারের মতো কিস্তি মাঝপথে আটকে রাখার সংস্কৃতি বিজেপি সরকারে নেই। তবে অন্নপূর্ণা যোজনা ও সরকারি ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ভুয়ো বা বিভ্রান্তিকর খবর ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য রটনাকারীদের চিহ্নিত করে প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন