কলকাতা: দুর্গাপুজোর বাকি আর মাত্র ৪৫ দিন। চারদিকে যখন উৎসবের আগমনী সুর, ঠিক তখনই মাসের পয়লা তারিখে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ। সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তের জেরে উৎসবের মুখে রেস্তরাঁ ও খাবারের দোকানে টান পড়তে পারে আমজনতার পকেটে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
গত দু’মাস ধরে গ্যাসের দাম কমতির দিকে থাকলেও উৎসবের মরশুম শুরু হতেই ফের মহার্ঘ হল জ্বালানি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফ থেকে এদিন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৯ টাকা ৫০ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। তবে সাধারণ মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির খবর, গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে।
এই দাম বৃদ্ধির পর কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৮৮২ টাকা। গত আগস্ট মাসে এই দাম ছিল ২,৮৭২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে দিল্লিতে নতুন দাম হয়েছে ২,৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে পৌঁছেছে ২,৯০৬ টাকায়। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করা হয়। উৎসবের মরশুমে মানুষ যখন বেশি করে বাইরে খাওয়া-দাওয়া করেন, তখন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রেস্তরাঁগুলিতে খাবারের দাম বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
এক সময় আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে ৩,২৫৫ টাকা ৫০ পয়সায় গিয়ে ঠেকেছিল। পরবর্তীতে হরমুজ প্রণালী ও ইরান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অগাস্ট মাসে এক ধাক্কায় ২০৫ টাকা কমেছিল দাম। সেই তুলনায় এবারের বৃদ্ধি সামান্য হলেও, মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের ওঠানামার প্রভাব ফের পড়তে শুরু করেছে জ্বালানির দামে।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন