গ্রামে পঞ্চায়েত কর বাড়ছে? পরিবার পিছু দিতে হবে ১২০০ টাকা? এমন খবর ছড়াতেই গ্রামাঞ্চলে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার বিজ্ঞপ্তি জারি করে সেই জল্পনায় ইতি টানল রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এসব ভুয়ো খবর। কর বৃদ্ধির কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
সরকারের তরফে বলা হয়েছে, পরিবার পিছু পঞ্চায়েত কর ১২০০ টাকা করার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আগের নিয়ম মেনেই পঞ্চায়েত কর আদায়ের প্রক্রিয়া চলবে। সাধারণ মানুষের উপর কোনও বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না বলেও জানিয়েছে দপ্তর। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ মেনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি এসওপি (SOP) নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, পঞ্চায়েত কর বাড়িয়ে ন্যূনতম ১২০০ টাকা করা হয়েছে।
এরপরই বিষয়টি সরকারের নজরে আসে। তারপরই দপ্তরের তরফে জানানো হয়েছে, আগের নিয়মেই পঞ্চায়েত কর সংগ্রহ করা হবে। কোনও ব্যক্তি বা সংস্থা সরকারি অনুমোদন ছাড়া কর বৃদ্ধির দাবি করলে তা বেআইনি বলেও সতর্ক করেছে দপ্তর। সাধারণ মানুষকে কোনও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন