বোলপুর: বীরভূম জেলা পরিষদের অডিটের মাঝেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা হাঁসনের বিধায়ক কাজল শেখ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অডিটে যদি তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে জেলা পরিষদের সভাধিপতি এবং বিধায়ক দুই পদ থেকেই ইস্তফা দেবেন।
অডিট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাজল শেখ বলেন, “অডিট চলছে। আমি চাই, আমার অনুপস্থিতিতেই জেলা পরিষদের পূর্ণাঙ্গ অডিট হোক। আমি কোনও অন্যায়ের সঙ্গে আপস করিনি। যদি আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে সভাধিপতি ও বিধায়ক দুই পদ থেকেই ইস্তফা দেব।” এরপর নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে কাজল শেখ বলেন, ১৯৯৩ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। বাম আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছিল। সেই সময় থেকেই বামফ্রন্টের বিরুদ্ধে সক্রিয় রাজনীতি করেছেন। মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত কেন নিয়েছেন, তার উত্তর একমাত্র মানুষই দিতে পারবেন।
এছাড়াও বালি, পাথর, কয়লা কিংবা গরু পাচারের সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই বলেও দাবি করেন কাজল শেখ। তাঁর কথায়, “কোনও বালি মাফিয়ার সঙ্গে আমার যোগাযোগ নেই। ডেউচা-পাঁচামির পাথর খাদানেও আমি কোনও দিন পা দিইনি।” রাজনৈতিক জীবনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদ না পেলেও দলের প্রতি কোনও ক্ষোভ নেই বলেও জানান তিনি। তবে স্বীকার করেন, মানুষের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে দ্রুত সেই দূরত্ব কাটিয়ে আবার মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন হাঁসনের বিধায়ক।
বিষয় : Birbhum Kajal Sheikh

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন