কোটি কোটি টাকার হিসাব মিলছে না! টুলু মণ্ডল কাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। এবার পাথর ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ফের ফ্রিজ করা হল ৪২.৫ কোটি টাকা। এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে ফ্রিজ হওয়া মোট অর্থের পরিমাণ দাঁড়াল ১৩৫.৫ কোটি টাকা।
উল্লেখ্য, এর আগে টুলুর তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২৮.৫ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে টুলু মণ্ডলের যোগ রয়েছে। শুধু নগদ টাকা নয়, টুলু মণ্ডলের একাধিক সম্পত্তিরও খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত তাঁর ২৪২টি গাড়ি, দুটি পেট্রল পাম্প এবং ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। টুলু মণ্ডলের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়েও শুরু হয়েছে জল্পনা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আগের সরকারের সময় অনুব্রত মণ্ডল এবং পরবর্তীতে কাজল শেখের তত্ত্বাবধানেই টুলুর ব্যবসা বেড়েছে।
অন্যদিকে, অনুব্রত মণ্ডল জানিয়েছিন টুলুর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা ছিল না। জেলার বহু মানুষের সঙ্গেই তাঁর পরিচয় ছিল। তিনি বলেন, টুলুর মেয়ের বিয়েতেও বহু নেতা ও সাংবাদিক গিয়েছিলেন, তবে তিনি যাননি। টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। শুক্রবার টুলুর দাদা মসির মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি টুলু ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী ও ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়েছে। মিনার মণ্ডলকে ইতিমধ্যেই আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
বিষয় : Investigation Tulu Mondal

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন