দুর্গাপুরঃ রাতের অন্ধকারে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরে। রবিরার রাতে এলাকায় ফিরেছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কিন্তু তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, ভাঙচুর করা হয় বাড়ি ও আসবাবপত্রেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। চলে লাঠিচার্জ, এমনকী কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ডিপিএল কলোনি।
ঘটনার কেন্দ্রে দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল। স্থানীয়দের একাংশের অভিযোগ, তাঁর এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটানো এবং বাসিন্দাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে বেশ কিছুদিন এলাকা ছেড়ে ছিলেন শশাঙ্ক। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইয়ের আশ্বাসে তিনি ফের ডিপিএল কলোনিতে নিজের এলাকায় ফিরেছিলেন। কিন্তু তাঁর ফেরার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, একাংশ বাসিন্দা তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেন। তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িঘর ও আসবাবপত্রে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।
স্থানীয়দের একাংশ জানিয়েছে, প্রাক্তন কাউন্সিলরকে তাঁরা আর এলাকায় দেখতে চান না। অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন বাইরে থাকার পরে তাঁর এলাকায় ফেরাকে ঘিরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিষয় : Bengal Politics Durgapur

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন