কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে এবার আপত্তি ও অভিযোগ জানানোর সুযোগ মিলতে চলেছে। যোগ্য না হওয়া সত্ত্বেও কোনও মহিলার নাম প্রকল্পের তালিকায় থাকলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। আবার যোগ্য হয়েও টাকা না পেলে সেই সমস্যার কথাও প্রশাসনকে জানাতে পারবেন উপভোক্তারা। আগামী ২০ আগস্ট থেকে এই সংক্রান্ত পোর্টাল চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার।
মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের নিয়ে আয়োজিত এক সভায় অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাইয়ের পর উত্তর কলকাতার সাতটি বিধানসভা এলাকার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পাঠানো হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ হওয়া আবেদনগুলির ভিত্তিতেই ১৭ আগস্ট থেকে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। যদি মনে হয় কোনও অযোগ্য কেউ টাকা পেয়েছেন। তাহলে আপত্তি জানানো যাবে। যোগ্য হয়েও ২০ তারিখের মধ্যে টাকা না ঢুকলে অভিযোগ জানানো যাবে। নিষ্পত্তি করা হবে। প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা যাবে ব্যাঙ্কে। মা-দিদিদের কোথাও যেতে হবে না।” পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গড়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে মহিলাদের নিয়ে গ্রুপ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এই কমিটিগুলি উপভোক্তাদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।
বিষয় : CM Suvendu Adhikari Annapurna Bhandar

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন