কোটি কোটি টাকার দুর্নীতিতে এবার গ্রেফতার হলেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া। মুম্বইয়ের মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারপরই তাঁকে হেফাজতে নেয় মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং বা ইওডব্লিউ। এই প্রকল্পে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ৬৫.৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
মুম্বইয়ের জল জমার সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিঠি নদীর। সেই নদী থেকে পলি সরানো এবং পরিষ্কার রাখার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছিল। পুলিশের অভিযোগ, সেই কাজের বরাত এবং টাকা খরচের ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম হয়েছিল। যদিও এই মামলায় ডিনো মোরিয়ার নাম অবশ্য নতুন নয়। ২০২৫ সালেই মুম্বই পুলিশের ইওডব্লিউ তাঁকে এবং তাঁর ভাই স্যান্টিনো রোকো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল। তদন্তে আরও উঠে আসে UBO Ridez নামে একটি সংস্থা কথাও। সেখানে প্রায় ১৮ লক্ষ টাকা স্থানান্তরের কথাও উঠে এসেছে। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন ডিনোর ভাই স্যান্টিনো। মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদম। তাঁর সঙ্গে ওই সংস্থার আর্থিক যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ২০২৫ সালের তদন্তে এই লেনদেনগুলি নিয়েই ডিনোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
এরপর ২০২৫ সালের জুনে এই মামলার অর্থপাচারের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুম্বই, কোচি ও ত্রিশূরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। মিঠি নদীর পলি অপসারণের এই মামলায় কেতন কদম-সহ আরও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই বৃহত্তর তদন্তেরই অংশ হিসেবে এবার গ্রেফতার হলেন ডিনো মোরিয়া।
বিষয় : Dino Morea Bollywood

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন