কলকাতাঃ মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে যাবে।
তবে নথি যাচাইয়ের সময় প্রাথমিকভাবে বড় সংখ্যক আবেদন বাতিল হয়েছে। সরকার জানিয়েছে, ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদন বাদ পড়েছে আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ না মেলায়। সরকারি কর্মচারী হওয়া বা আয়কর দেওয়ার কারণেও কিছু আবেদন বাতিল হয়েছে। তাহলে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের কী হবে? সরকার জানিয়েছে, তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন। ২০ আগস্ট থেকে নির্দিষ্ট পোর্টালের ‘সোশ্যাল রেজিস্টার’ অপশনের মাধ্যমে আবেদন করা যাবে। এরপর ফের নথি যাচাই করা হবে। কোনও ত্রুটি না থাকলে তাঁরাও প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে, ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের নথি যাচাই এখনও চলছে। সেই প্রক্রিয়া শেষ হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। যাচাই সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন