কলকাতা: ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত এসসি, এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্র পুনর্যাচাই নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের জারি করা ওই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ, এই সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তির জাতিগত শংসাপত্র ঢালাওভাবে পুনর্যাচাই করা যাবে না।গত ১৪ মে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ২০১১ সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট ফের যাচাই করা হবে এবং তদন্তে কোনও শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা অবিলম্বে বাতিল করা হবে। রাজ্যের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালতে মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ঢালাওভাবে এই ধরনের শংসাপত্র বাতিল বা পুনর্যাচাই করার আইনি এক্তিয়ার রাজ্যের নেই। এর জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, ভোটার কার্ড ও অন্যান্য প্রাসঙ্গিক নথি এবং পারিবারিক পটভূমি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের রয়েছে।উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে। আদালত নির্দেশ দিয়েছে, বিচারাধীন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসসি, এসটি ও ওবিসি শংসাপত্রের সার্বিক যাচাই প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তির শংসাপত্র নিয়ে সরাসরি অনিয়মের অভিযোগ দায়ের হলে, জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে পৃথকভাবে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।[TECHTARANGA-POST:11745]হিডেন স্টোরিজ নিউজ