কলকাতা: ষষ্ঠীতে দেবীর বোধনের আগেই পালাবদলের বঙ্গে দেবীপক্ষের সূচনায় এক ঐতিহাসিক নিয়োগের সাক্ষী থাকল তিলোত্তমা। রাজ্যে নতুন বিজেপি সরকারের আমলে এই প্রথম রাজ্য পুলিশের বিপুল নিয়োগ সম্পন্ন হল।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে একসঙ্গে ১১ হাজার নবনিযুক্ত রাজ্য পুলিশের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়োগপত্র বিতরণের মঞ্চ থেকে উত্তরপ্রদেশ সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করলেন, “আগামী দু’বছরে পুলিশবাহিনীর সদস্য সংখ্যায় উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে দেশসেরা হবে বাংলা!”
দীর্ঘদিন ধরে রাজ্যে আটকে থাকা পুলিশ নিয়োগের জট মাত্র সাড়ে পাঁচ মাসের মধ্যে কেটে যাওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের আমলের ওবিসি সংরক্ষণ জট এবং আইনি জটিলতা বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এবং সুপ্রিম কোর্টের মামলা থেকে সরে এসে দ্রুত সমাধান করা হয়েছে। নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরাল বা ফিজিক্যাল, কোথাও এতটুকু ত্রুটি থাকবে না। নিয়ম মেনেই সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ হবে, জনগণের এই বিশ্বাস রাখতে হবে।”
প্রাক্তন সরকারের আমলে পুলিশ প্রশাসনে ‘সিভিক নির্ভরতা’ ও অনিয়মের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, আগে ন্যূনতম পরীক্ষা ছাড়াই সিভিক ভলান্টিয়ার দিয়ে থানা চালানো হতো। তবে তাঁদের পরিবারের কথা ভেবে পুজোর আগেই সিভিকদের বেতন দুই হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও অন্যায্য কার্যকলাপ থেকে দূরে থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যের বেকার যুবকদের জন্য চাকরির ঝুলি খুলে আগামী দিনে বড়সড় নিয়োগের একাধিক পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী জানুয়ারি মাসেই ফের নতুন করে রাজ্য পুলিশে বড় নিয়োগ হবে, ডিসেম্বরের মধ্যে ৪ হাজার পদের পরীক্ষার ফল প্রকাশিত হবে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৬৫০ জন পুলিশের ক্লার্ক এবং নতুন ৯ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নেতাজি ইন্ডোরের এই জমকালো মঞ্চ থেকে রাজ্য পুলিশের এই বিরাট নিয়োগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, এই সাফল্যই প্রমাণ করে যে “মর্নিং শোজ দ্য ডে”।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন