নয়াদিল্লি: এতদিন গ্যালারি বা প্রশাসনিক গ্যালারি থেকে পরামর্শ দিতেন।
মাঝে মেন্টর বা ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকা সামলেছেন, কিন্তু সরাসরি ডাগআউটের রণকৌশল তৈরির সর্বময় কর্তৃত্ব ছিল না। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনওএ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ সালের আইপিএল মরসুমের জন্য ‘দাদা’কে হেড কোচ হিসেবে নিযুক্ত করল দিল্লি ক্যাপিটালস (ডিসি)।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি জমকালো ভিডিও পোস্ট করে এই মেগা ঘোষণা সারল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ক্যাপশন আর ভিডিওর মূল বার্তা ছিল একটাই, আবার ফিরছে ‘দাদাগিরি’।
ভিডিওতে মহারাজকে বলতে শোনা গিয়েছে, “একটা সময় মনে হয় অনেক হয়েছে, অনেক অর্জন করা গিয়েছে। এখন সাইডলাইনে বসে পথ দেখানোই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে যা মনে করিয়ে দেয় কেন খেলাটা শুরু করেছিলাম। দিল্লির জন্য এবার নতুন সময় শুরু। ‘টাইগার ইজ ব্যাক’!” হেমাঙ্গ বাদানি দায়িত্ব ছাড়ার পরেই সৌরভকে এই শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।
বিসিআই (BCCI) সভাপতি এবং সিএবি (CAB) প্রধান হিসেবে ক্রিকেটের প্রশাসনিক দায়িত্ব সামলানো সৌরভের অভিজ্ঞতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ‘এসএ২০’ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে কোচিং জীবনের হাতেখড়ি হয়েছিল তাঁর।
এবার সেই অভিজ্ঞতাই তিনি নিয়ে আসছেন ডিসি-র ডাগআউটে। ২০০৮ সালে আইপিএলের সূচনা থেকে আজ পর্যন্ত ট্রফির মুখ দেখেনি রাজধানী শহরের এই দল। রিকি পন্টিংয়ের যুগে মেন্টর হিসেবে ডাগআউটে বসা সৌরভকে এবার সেই খরা কাটাতে সম্পূর্ণ স্বাধীনতা দিল ফ্র্যাঞ্চাইজি।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল সৌরভকে স্বাগতম জানিয়ে বলেন, “দাদা সবসময়ই দিল্লি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সফল অধিনায়ক ও সংগঠক এবার কোচ হিসেবে আমাদের দায়িত্ব নিচ্ছেন, এটা অত্যন্ত গর্বের। আশা করি তাঁর দূরদর্শী নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে।” সহ-মালিক কিরণ কুমার গান্ধীও মহারাজের অগাধ ক্রিকেটীয় অভিজ্ঞতা ও দলের ভিত শক্ত করার ক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৌরভ নিজেও। তিনি বলেন, “দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের। মালিকপক্ষ, সাপোর্ট স্টাফ এবং প্লেয়ারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক দায়িত্বটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আমাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে। একটি নির্ভীক এবং শক্তিশালী দল গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
সৌরভকে সাহায্য করতে গড়ে তোলা হচ্ছে নক্ষত্রখচিত সাপোর্ট স্টাফ। ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা যুবরাজ সিং। পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন শ্রীলঙ্কার প্রখ্যাত প্রাক্তন পেসার চামিন্ডা ভাস এবং স্পিন বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে আইপিএলের অন্যতম সফল বোলার অমিত মিশ্রকে।
এ ছাড়া লখনউ সুপার জায়ান্টসে দু’টি মরসুম কাটিয়ে দিল্লির ঘরের ছেলে ঋষভ পন্থের ফের ট্র্যাকে ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে সৌরভের আমলেই। অধিনায়ক অক্ষর প্যাটেলকে কেন্দ্র করে দল ধরে রাখা (রিটেনশন) এবং মেগা নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়ে চ্যাম্পিয়ন দল তৈরি করাই এখন সৌরভের প্রধান চ্যালেঞ্জ।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন