কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। মণ্ডপসজ্জার কাজ যেমন চলছে, তেমনই চলছে প্রতিমা বানানোর শেষ মুহূর্তের ব্যস্ততা। উত্তর থেকে দক্ষিণ, প্রতিবছরই নানারকম থিম ও শিল্পভাবনা নিয়ে হাজির হয় কলকাতার পুজো কমিটিগুলি। এবারও তার ব্যতিক্রম নয়। কোথাও মণ্ডপে উঠে আসছে সামাজিক বার্তা, কোথাও আবার ইতিহাস-ঐতিহ্য কিংবা পরিবেশের ভাবনা। সেই তালিকাতেই এবার বিশেষ ভাবনা নিয়ে হাজির হচ্ছে উত্তর কলকাতার কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
কুমোরটুলি পার্কের দুর্গাপুজো এই বছর ৩৪ বছরে পা দিল। তাদের এবারের থিম ‘গঙ্গা তুমি বইছো কেন’। পুজো প্রাঙ্গণ থেকে গঙ্গা মাত্র কয়েক মিনিটের দূরত্বেই। সেই নদীকে সামনে রেখেই মণ্ডপসজ্জার ভাবনা সাজিয়েছেন উদ্যোক্তারা। গঙ্গা শুধু একটি নদী নয়, কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গেও তার সম্পর্ক গভীর। যে কোনও পুজোতেই নানা নিয়মকানুন থেকে শুরু করে বিসর্জন সবকিছুতেই গঙ্গার যেন এক আলাদাই মাহাত্ম্য। সেই সম্পর্ককেই অন্য দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চাইছে কুমোরটুলি পার্কের এ বারের পুজো।
কুমোরটুলি পার্কের উদ্যোক্তা সৌরভ সাহা জানান, “আমরা প্রত্যেক বছর চেষ্টা করি কুমোরটুলি পার্ককে একটা নতুন থিম তুলে ধরার। আমাদের পুজো প্রাঙ্গণ থেকে গঙ্গার দূরত্ব মাত্র পাঁচ মিনিট। আর গঙ্গার জল ছাড়া কোনও পুজোই হয় না। আর গঙ্গার উৎসস্থল হল গঙ্গোত্রী। গঙ্গোত্রীর নির্মল উৎস থেকে গঙ্গা শুরু হয়েছে। আর এই গঙ্গার প্রতিটি বাঁকে দূষণ, অবহেলা, বর্জ্য পদার্থ আমরা ফেলেই চলেছি। গঙ্গা কিন্তু বয়ে চলা বন্ধ করে দেয়নি। আর তাও আমরা আমাদের মতো যে কাজ, আমরা কিন্তু একবারও চিন্তা করি না যে আমরা যেগুলো গঙ্গার মধ্যে ফেলছি, এতে যে আমরা গঙ্গা দূষণ করে দিচ্ছি। তাই আমরা এটাই বোঝাতে চেয়েছি যে, এগুলো আমরা ফেলছি তাও গঙ্গা তুমি বয়ে চলেছ? তাই আমরা এটাই বলছি গঙ্গা তুমি এত দূষণ, বর্জ্য পদার্থ বয়ে নিয়ে চলেছ, তাও তুমি কেন বইছ?”
বিষয় : Kumartuli Durga Puja 2026

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন