সময় যত গড়াচ্ছে, ততই যেন নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে ‘বিগ বস বাংলা’র ঘরে। প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেই নিজের উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দিয়েছেন শিলিগুড়ির রাজবীর দে। কখনও সৃজলা গুহর সঙ্গে খুনসুটি, কখনও নন্দিনী দত্তের সঙ্গে কথার ছলে ফ্লার্ট, আবার জয়িতা চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাকিদের সঙ্গে ঝগড়া, ঘরের একাধিক সদস্যের সঙ্গে আলাদা আলাদা সমীকরণ তৈরি করেছেন তিনি। ইতিমধ্যেই দর্শকের নজরে তা পড়ে গেছে।
সৃজলার সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা অবশ্য শুরু থেকেই আলোচনায়। রান্নাঘরে অভিনেত্রীর সঙ্গে মজার কথাবার্তার পর এবার রাতের দৃশ্যেও ধরা পড়ল তাঁদের রসায়ন। আলো নিভে যাওয়ার পর সৃজলার পাশের বিছানায় গিয়ে শুয়ে পড়েন রাজবীর। রাজবীর বলেন, “তুমি কী সুন্দর। কী কিউট! আমার তোমাকে খুব পছন্দ। খুব ভালো লাগে।” উত্তরে সৃজলাও মিষ্টি হেসে বলেন, “এবার থেকে তাহলে পাগলের মতো থাকব।”
তবে সৃজলাতেই থেমে থাকেননি রাজবীর। নন্দিনী দত্তের সঙ্গেও তাঁর কথোপকথন ইতিমধ্যেই আলাদা করে নজর কেড়েছে। একটি টাস্কের সময় নন্দিনী জানান, তাঁর ফোনের ওয়ালপেপারে রয়েছে ‘বিগ বস’-এর ট্রফির ছবি। সেই প্রসঙ্গেই রাজবীর আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এবারের ট্রফি তিনিই জিতবেন, নন্দিনী যেন পরেরবার চেষ্টা করেন। নন্দিনীও অবশ্য পালটা দেন, “এত সময় আমার নেই। এবার আমিই জিতব।” কথার মাঝেই রাজবীর সরে যেতে শুরু করলে অভিনেত্রী মজা করে প্রশ্ন করেন, ‘কী হল, রিল কি কেটে গেল?’ তখনও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজবীরের উত্তর, ‘তুমি এত সুন্দর, কিউট তোমার সঙ্গে রিল কি কাটা যায়?’
অন্যদিকে, জয়িতা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজবীরের সমীকরণটা আবার একেবারেই অন্যরকম। ঘরে প্রবেশের পর থেকেই জয়িতার হয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি। সম্প্রতি সেই সমীকরণ আরও এক ধাপ এগোয়। জয়িতা জানান, তিনি যদি ‘বিগ বস বাংলা’র ট্রফি জিততে পারেন, তাহলে সেটি রাজবীরের হাতে তুলে দেবেন। রাজবীরের পালটা প্রশ্ন, “দু’দিনেই এতটা?” আসলে ‘বিগ বস’-এর ঘরের কৌশল এবং খুঁটিনাটি বিষয়ে জয়িতাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাজবীর। সেই কারণেই জিতলে ট্রফিটি তাঁকেই দেওয়ার কথা বলেছেন জয়িতা।
বিষয় : Big Boss Bangla

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন