পুজোর আগে সকলেই চান পরিষ্কার ও ঝকঝকে ত্বক। কিন্তু মুখে ব্রণ দেখা দিলে তো কথাই নেই। অনেকেই ভাবেন, বারবার মুখ ধুলেই ত্বক পরিষ্কার থাকবে, ব্রণও কমে যাবে। কিন্তু বাস্তবে এই অভ্যাস উল্টে ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে উৎসবের আগে ব্রণ, শুষ্কতা বা জ্বালাভাব দেখা দিলে সাজগোজও মাটি হতে পারে। তাই পুজোর আগে শুধু কী করবেন তা নয়, কোন ভুলগুলি এড়াবেন সেটাও জানা জরুরি।
মুখ তৈলাক্ত মনে হলেই বার বার মুখ ধোয়া প্রথম ভুল। অতিরিক্ত পরিষ্কার করলে ত্বকের প্রয়োজনীয় স্বাভাবিক তেলও উঠে যেতে পারে। তাতে ত্বক শুষ্ক হয়ে অস্বস্তি বাড়তে পারে। সাধারণ ভাবে সকাল ও রাতে, দিনে দু’বার মুখ পরিষ্কার করাই যথেষ্ট। তাই ব্রণ উঠলে জোরে ঘষে পরিষ্কার করা উচিত নয়। মুখ ভিজিয়ে মৃদু ক্লিনজার ব্যবহার করে আঙুলের ডগা দিয়ে আলতো করে পরিষ্কার করাই ভাল। অনেকে আবার মুখ ধোয়ার সময় গরম জল ব্যবহার করেন। এতে সাময়িক আরাম লাগলেও খুব গরম জল ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
আর একটি বিষয় হল, ত্বকের ধরন না বুঝে মুখ পরিষ্কারের সঠিক উপকরণ বেছে নেওয়া। বাজারে অ্যালো ভেরা, হলুদ, নিমের মতো নানা উপাদানযুক্ত ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোনও একটি উপাদান জনপ্রিয় হলেই তা সবার ত্বকের জন্য উপযুক্ত হবে, এমন নয়। পুজোর আগে তাই ব্রণ ঢাকতে গিয়ে ত্বকের উপর অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল।
বিষয় : Durga Puja 2026

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন