এক সপ্তাহের ব্যবধানেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় একটি পুলিশ চৌকিকে লক্ষ্য করে হামলা চালানো নয়। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৩০। জানা গিয়েছে, মৃতদের মধ্যে সাত জন পুলিশকর্মী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেরা ইসমাইল খানের দারাজিন্দা এলাকায় একটি পুলিশ চৌকির কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায় বলে স্থানীয় সূত্রে খবর। ফলে হামলার পিছনে একাধিক হামলাকারী ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। তবে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি ।
কয়েক দিন আগেই খাইবার পাখতুনখোয়ার কোহাটে ভয়াবহ হামলা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর কোহাটের পুরনো পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদের কাছে বিস্ফোরণের পর সশস্ত্র হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়। পরবর্তী অভিযানে হামলাকারীদেরও মৃত্যু হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সেই ঘটনায় মৃতের সংখ্যা পৌঁছয় ২৩-এ। পাশাপাশি আহত হন শতাধিক মানুষ। এর মধ্যেই ফের ডেরা ইসমাইল খানে হামলার ঘটনায় খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে।
বিষয় : Pakistan Blast

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন