নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একযোগে উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতি। শুক্রবার সকালে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের আগেই পুলিশি বাধা, সমর্থকদের সাথে ধস্তাধস্তি এবং ধরপাকড়কে কেন্দ্র করে চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি হলো রাজধানীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর চত্বর-সহ সমগ্র নয়াদিল্লি জুড়ে তড়িঘড়ি বি এন এস-এর ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।
শুক্রবার সকালেই আন্দোলন ঠেকাতে যন্তর মন্তর চত্বরে উপস্থিত হন আম আদমি পার্টি (আপ)-র শত শত কর্মী-সমর্থক। তাঁদের রুখতে গেলে পুলিশ এবং বিএসএফ-এর সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। একাধিক বিক্ষোভকারীকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে পুলিশ। দিল্লি পুলিশের স্পষ্ট বার্তা, কোনো ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। যন্তর মন্তরগামী সমস্ত রাস্তায় ৮-৯টি চেকপোস্টে প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে, নোট করা হচ্ছে চালকদের নাম-ঠিকানা। এমনকি যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর জেরে কনট প্লেস, প্যাটেল চক ও সংসদ ভবন সংলগ্ন এলাকা এড়িয়ে চলার ট্রাফিক অ্যাডভাইজরি জারি করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার খাতিরে নয়াদিল্লি, রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো অত্যন্ত ব্যস্ত ১১টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, শুধু দিল্লিই নয়, আন্দোলনের ঢেউ পৌঁছেছে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়েও। শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপি প্রধান দীপকে স্পষ্ট জানিয়েছেন, মুম্বইয়ের পর কলকাতা, বেঙ্গালুরু এবং গোয়ায় তাঁদের ‘জেল ভরো’ আন্দোলন বিস্তৃত হবে। চলতি মাসের শেষে ফের দিল্লিতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
একই দিনে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের ডাক দিয়েছে। আগামী ৬ অক্টোবর বিরোধী দলগুলির সমস্ত সাংসদদের নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে বিশাল পদযাত্রার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৮ অক্টোবর প্রতিটি জেলায় জেলাশাসকের দপ্তরের সামনে ধর্না দেবে বিরোধী দলগুলি। যন্তর মন্তরে আপের ওপর এই পুলিশি কড়াকড়ি এবং সিইসি-র ইস্তফার দাবিতে আন্দোলন যে আগামী দিনে আরও বিস্ফোরক রূপ নিতে চলেছে, তা স্পষ্ট।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন