নয়াদিল্লি: পণ্যের মোড়কে লোভনীয় স্বাস্থ্যদাবি করে গ্রাহকদের বিভ্রান্ত করার খেলা এবার বন্ধ করতে চরম কড়া অবস্থান নিল কেন্দ্র। স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও প্রচার ছড়ানোর অভিযোগে দেশের প্রথম সারির একাধিক নামী করপোরেট ও ই-কমার্স সংস্থাকে একযোগে কারণ দর্শানোর নোটিস পাঠাল খাদ্য সুরক্ষা দফতর বা ‘দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই)। তালিকায় রয়েছে ডক্টর রেড্ডিস, নেসলে হেলথ সায়েন্স, তিরুপতি ওয়েলনেসের মতো ওষুধ ও স্বাস্থ্যপণ্য প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে আমাজন, ফ্লিপকার্ট এবং নেটমেডসের মতো প্রথম সারির অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম।
এফএসএসএআই সূত্রে খবর, বাজারজাত বিভিন্ন হেলথ সাপ্লিমেন্ট ও প্রোটিন পাউডারের মোড়কে দীর্ঘ দিন ধরে ভুয়ো ও অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হচ্ছে। প্রস্তুতকারক সংস্থাগুলি বিজ্ঞাপনে দাবি করত, তাদের পণ্য শরীরে উচ্চ-মানের প্রোটিন সরবরাহ করে, রাতারাতি পেশির গঠন ও শক্তি বাড়ায়, প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং বিপাকক্রিয়া ত্বরান্বিত করে। তবে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বক্তব্য, বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া এ ধরনের দাবি উপস্থাপন করে সাধারণ ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে এবং স্বাস্থ্যের ভুল ধারণা তৈরি করে বাজারে ব্যবসা চালানো হচ্ছে।
শুধুমাত্র ভুয়ো বিজ্ঞাপন বা ভুল তথ্য ছড়ানোই নয়, মেয়াদোত্তীর্ণ বা পচা খাদ্যপণ্য বিক্রি এবং অনিরাপদ খাদ্য সরবরাহ করার অভিযোগেও ড. রেড্ডিস, নেসলে হেলথ সায়েন্সের পাশাপাশি নেক্স ইন্টারন্যাশনাল ও শ্রেয়াশ রিটেইল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে এফএসএসএআই জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা তাদের প্রাথমিক দায়িত্ব। তাই স্বাস্থ্যবিধি ভঙ্গকারী সংস্থাগুলির জবাবদিহি না মেলা পর্যন্ত ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
সবকটি অভিযুক্ত সংস্থাকে অবিলম্বে কেন্দ্রীয় দফতরের কারণ দর্শানোর বার্তার সন্তোষজনক উত্তর দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাসমূহ যুক্তিযুক্ত সাফাই দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এফএসএসএআই। কেন্দ্রীয় এই আকস্মিক পদক্ষেপে বর্তমানে তোলপাড় দেশের স্বাস্থ্য ও অনলাইন খুচরো বাজার।
বিষয় : HealthAlert misleadingads flipkart nestle drreddy

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন