কলকাতা: আজ বিজয়া দশমী। উমাকে বিদায় জানানোর পালা। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। এর পাশাপাশি ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনা। শেষবারের মতো প্রণাম জানাতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। আর এই আবহেই প্রতিবারের ন্যায় সমাজমাধ্যমে নজর কেড়েছে মজার ছবি। দেখা যাচ্ছে, একদিকে চলছে বরণের রীতি, অন্যদিকে সিংহ আর অসুরের মুখে গুঁজে দেওয়া হচ্ছে মিষ্টি!
দেবী দুর্গার বাহন সিংহ আর মহিষাসু। দুজনকে একসঙ্গে দেখলেই মনে পড়ে অসুর বধের কাহিনি। তাঁদেরই মুখে মিষ্টি তুলে দেওয়ার এই দৃশ্য যেন চেনা ছবিটাকে একেবারে ভিন্ন রূপ দিয়েছে। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে হাসি-মশকরা। দুর্গাপুজোর পরিচিত পৌরাণিক আবহের সঙ্গে এমন মজার মুহূর্তের মেলবন্ধন নেটিজেনদের চোখেও পড়েছে। ছবিগুলি ঘিরে নানা মন্তব্যের পাশাপাশি তৈরি হচ্ছে মিমও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সে মিম ছড়িয়ে গেছে।
দুর্গাপুজোয় সিংহ আর অসুরকে সাধারণত দেখা যায় যুদ্ধের আবহেই। কিন্তু দশমীর এই ছবিতে যেন শত্রুতার বদলে মিষ্টিমুখের পালা! অসুর বধের পর এবার কি তবে মিষ্টি দিয়ে মিটমাট? এমনই নানা মজার ব্যাখ্যা ঘুরছে সমাজমাধ্যমে। বিজয়া দশমী মানেই একদিকে মনখারাপ, অন্যদিকে “আসছে বছর আবার হবে” এই আশায় দিন গোনা। উমা কৈলাসে ফিরে যাওয়ার আগে পুজো মণ্ডপগুলিতে চলে শেষ মুহূর্তের উদযাপন। সেই আবেগঘন দিনে সিংহ আর অসুরের মিষ্টিমুখের এই ছবি যেন বিষাদের মাঝেও একটু হাসির রসদ জুগিয়েছে।
বিষয় : Durga Puja 2026

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন