নয়াদিল্লি: বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অস্থিরতা তুঙ্গে, তখনই দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তৎপর হল ভারত ও আমেরিকা। প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা 'ট্রেড ডিল' চূড়ান্ত করার লক্ষ্যে খুব শীঘ্রই ভারতে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক এই খবর নিশ্চিত করেছেন।
গতমাসেই ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এক দফায় বৈঠক সেরে এসেছে ভারতীয় প্রতিনিধিদল। সেই আলোচনার রেশ টেনেই এবার ভারত সফরে আসছেন মার্কিন প্রতিনিধিরা। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই দেশই আলোচনার গতি বজায় রাখতে মুখিয়ে আছে। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক কেবল আমদানি-রফতানি সংক্রান্ত নয়, বরং চিনের একাধিপত্য কমিয়ে ভারতকে বিশ্বস্ত বিকল্প হিসাবে তুলে ধরার একটি বড় কৌশল বলেও মনে কর হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন বৈঠকে ভারতীয় বাজারে মার্কিন পণ্যের প্রবেশাধিকার, শুল্ক সংক্রান্ত জটিলতা দূরীকরণ এবং ডিজিট্য়াল বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি প্রাধান্য পাবে। এছাড়া, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও বিশদ আলোচনা হতে পারে।
আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) বদল আসায় এবং চিনের উপর নির্ভরতা কমাতে চায় পশ্চিমী দুনিয়া। ঠিক এই সময়ে ভারতকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে ওয়াশিংটন। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বজায় রাখতে ভারতের সঙ্গে এই অর্থনৈতিক সমঝোতা হোয়াইট হাউসের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে এই 'মেগা ডিল' সফল হলে ভারতের প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার পথ প্রশস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিষয় : TradeDeal indiausrelation economicsecurity

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন