রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই দিকে দিকে বদলাচ্ছে সমীকরণ। সবার নজর যে কেন্দ্রের দিকে, সেই নন্দীগ্রামে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, নিজের খাসতালুক ভবানীপুরে লিড ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে উত্তরবঙ্গ জুড়ে শুরুতেই বইতে শুরু করেছে গেরুয়া ঝড়; বিশেষ করে জলপাইগুড়ির ৭টি আসনের মধ্যে ৫টিতেই পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। পিছিয়ে নেই তারকারাও, আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এগিয়ে থাকলেও শ্যামপুকুরে খানিকটা পিছিয়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শশী পাঁজা।
জেলায় জেলায় লড়াই এখন হাড্ডাহাড্ডি। ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লা এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি। আবার মালতিপুরে কংগ্রেসের মৌসম বেনজির নূর এবং নওদায় আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর লড়াইয়ে নিজেদের জমি শক্ত করছেন।
দক্ষিণবঙ্গের বাগনান, আমতা, জগৎবল্লভপুর থেকে শুরু করে জয়নগর ও বারুইপুরে ঘাসফুল শিবিরের দাপট দেখা গেলেও বলরামপুর বা মালবাজারের মতো এলাকায় পোস্টাল ব্যালটে পদ্ম ফুটেছে। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে ভাগ্যরেখা, কার মাথায় উঠবে জয়ের মুকুট— তা জানতেই এখন রুদ্ধশ্বাস অপেক্ষায় গোটা বাংলা।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন