কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগের দিন উত্তপ্ত কাশীপুর-বেলগাছিয়া এলাকা। তৃণমূলের এক শ্রমিক নেতাকে হোয়াটস্অ্যাপে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল স্থানীয় এক বিজেপি নেতাকে। ধৃত নেতার নাম সন্দীপ ভৌমিক ওরফে পাপাই। মঙ্গলবার সকালে সিঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভাকেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা আইএনটিটিইউসি (INTTUC) নেতা স্বপন হালদারকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হোয়াটস্অ্যাপ মেসেজে লেখা হয়েছিল - “৫ মে হয় তোর ডেডবডি যাবে, নয় আমার। মেসেজ আর নম্বরটা সেভ করে রাখিস। আমার নাম পাপাই।” এই ঘটনার পর অভিযুক্তের মোবাইল নম্বর ও মেসেজের স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হন ওই তৃণমূল নেতা।
তদন্তে নেমে সিঁথি থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ভোটের মুখে ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগে শান্তি বজায় রাখতে সোমবার রাতভর ধরপাকড় চালিয়েছে প্রশাসন। রাজ্যজুড়ে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও, অশান্তি রুখতে নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান এবং পুলিশের অতি-সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে।
#HiddenStoriesNews, #KolkataNews, #BJP, #TMC, #KashipurBelgachia, #ElectionViolation, #WestBengalElection2026, #PoliticalViolence, #BengalPolls, #BreakingNewsBengal, #SinthiPS, #INTTUC, #WhatsAppThreat, #ElectionSecurity
বিষয় : BJP TMC KolkataNews WestBengalPolls electionviolence

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন