ভোটের আবহে ফের উত্তপ্ত শহর কলকাতা। এবার গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল খাস কলকাতার ট্যাংরা এলাকায়। মঙ্গলবার রাতে ট্যাংরার পুলিন খাটিক রোডে আক্রান্ত হলেন একই পরিবারের তিন সদস্য। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বিক্রম খাটিক প্রতিদিন তাঁর বাড়ির সামনে নিজের গাড়ি পার্ক করেন। মঙ্গলবার রাতে সেখানে অন্য এক ব্যক্তি জোর করে গাড়ি পার্ক করে রাখলে তা সরাতে বলেন বিক্রমবাবু।
এই নিয়ে শুরু হওয়া বচসা মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, পাড়ার প্রায় ৪০-৫০ জন মিলে বিক্রম খাটিক ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়। লোহা রড ও ব্লেড দিয়ে বিক্রম খাটিক, সাবিত্রী খাটিক এবং সানি খাটিককে নৃশংসভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলাকারীরা সকলেই এলাকার শাসকদলের কর্মী হিসেবে পরিচিত এবং তারা এলাকায় মাদক কারবারের সঙ্গেও যুক্ত। এমনকি আক্রান্তরা নিজেরাও তৃণমূল সমর্থক হওয়া সত্ত্বেও তাঁদের বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিক্রমবাবুর স্ত্রী প্রীতি খাটিকের দাবি, এর আগেও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা মেলেনি।
বর্তমানে প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছে খাটিক পরিবার। এই ঘটনায় শিবু খাটিক, রোহিত দাসসহ মোট ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনের মুখে খাস কলকাতায় খাস তালুকে এই ধরণের পার্কিং বিবাদ ও হামলার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয় : KOLKATACRIME tangraviolance parkingdespute

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন