কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে চলা আইনি টানাপোড়েনে ইতি টানল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থাকবে। এর ফলে সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ কার্যত খারিজ হয়ে গেল।
ঘটনার সূত্রপাত হয় যখন সহকারী অধ্যাপকদের একাংশ তাঁদের পদমর্যাদার সঙ্গে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সঙ্গতিপূর্ণ নয় বলে আদালতের দ্বারস্থ হন। বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চে কমিশন সদুত্তর দিতে না পারায় ওই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছিল। আদালত মন্তব্য করেছিল, যথাযথ কারণ ছাড়া তাঁদের এমন কাজে নিয়োগ করা যাবে না।
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে আদালত কমিশনের পক্ষেই রায় দেয়। এর রায়ের ফলে এখন আর অধ্যাপকদের ভোটের ডিউটি থেকে ছাড় পাওয়ার পথ রইল না। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই বহু সহকারী অধ্যাপক প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।
২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে আদালতের এই নির্দেশ কমিশনের কাছে স্বস্তির বার্তা নিয়ে এল। অন্যদিকে, আদালতের এই রায়ে হতাশ মামলাকারী অধ্যাপকদের একাংশ। এখন দেখার, এই নির্দেশের পর আগামী বৃহস্পতিবার ভোটের ময়দানে অধ্যাপকদের ভূমিকা কতটা সক্রিয় হয়।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন