কলকাতা: মালদার মোথাবাড়ি কাণ্ডের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)-কে ঘিরে ধরে আটকে রাখেন বিক্ষোভকারীরা।
ঘটনাটি গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথ এলাকার পানসিরা গ্রামে। অভিযোগ, সংশ্লিষ্ট BLO নমিতা দাস কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকাই গ্রামবাসীদের একাংশ তাঁকে ঘিরে ধরে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে তাঁকে ঘেরাও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আতঙ্কিত নমিতা দাস ফোনে বিষয়টি জানান সহকারী নির্বাচনী আধিকারিক (AERO)-কে।
AERO সুদীপ্তা ঘোষের তরফে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলা BLO-কে উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।
উদ্ধারের পরেও আতঙ্ক কাটেনি নমিতা দাসের। তাঁর দাবি, “অনেক লোক আমাকে ঘিরে ধরে নানা অভিযোগ করে। বলা হয়, আমি নাকি টাকা খেয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছি। আমি শুধু কমিশনের নির্দেশ মেনে কাজ করেছি। এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বুথে প্রায় ৮৭২ জন ভোটারের মধ্যে বহু নাম বাদ যাওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে নির্বাচন কমিশনের নির্ধারিত নথির ভিত্তিতেই কাজ করা হয়েছে বলে দাবি BLO-র।
মোথাবাড়ির ঘটনার পরপরই এই নতুন অভিযোগ সামনে আসায় ফের প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
বিষয় : WestBengalElection BLO

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন