হিডেন স্টোরিজ নিউজ: আম আদমি পার্টির (AAP) অন্দরে ফাটল এবার চওড়া হলো। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর চুপ থাকলেন না রাঘব চাড্ডা। শুক্রবার সকালে সরাসরি দলীয় সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধে তিনি প্রশ্ন তুললেন, "আম আদমির স্বার্থে সরব হই বলেই কি আমার মুখ বন্ধ করা হলো?" সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে রাঘব সাফ জানিয়েছেন, তাঁকে হয়তো সাময়িকভাবে নীরব করা যাবে, কিন্তু থামানো যাবে না।
সংসদে গিগ কর্মীদের অধিকার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা কিংবা টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি— একাধিক জনমুখী ইস্যুতে সরব হয়ে গত কয়েক মাসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন রাঘব চাড্ডা। উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর তোলা ইস্যুগুলোতে সরকার দ্রুত পদক্ষেপ করায় সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছিল। রাজনৈতিক মহলের ধারণা, এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই হয়তো দলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে রাঘবের দূরত্ব নিয়ে জল্পনা চলছিল। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পরও রাঘবকে তাঁর সঙ্গে দেখা করতে বা শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। এরপরই বৃহস্পতিবার নাটকীয়ভাবে তাঁকে ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয় আপ। এমনকি দলের জন্য বরাদ্দ সময় থেকেও তাঁকে বলতে না দেওয়ার জন্য রাজ্যসভাকে জানিয়েছে দল।
দলের এই সিদ্ধান্তকে 'কণ্ঠরোধ' হিসেবেই দেখছেন রাঘব। তিনি প্রশ্ন তুলেছেন, "সাধারণ মানুষের কথা বলা কি অপরাধ? এতে আম আদমি পার্টির সমস্যা কোথায়?" নিজের অবস্থানে অনড় থেকে তিনি জানিয়েছেন, পদ থাকুক বা না থাকুক, তিনি মানুষের পাশেই থাকবেন এবং তাঁদের কথা বলবেন।
রাজ্যসভার এই তরুণ তুর্কির এমন বিদ্রোহী মনোভাব আপ-এর ভবিষ্যৎ রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন