কলকাতা: ক্যালেন্ডারের পাতায় সবে এপ্রিলের শুরু, আর তাতেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে দহন জ্বালা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের তেজ আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে গরমের দাপট থাকবে সবচেয়ে বেশি। আগামী ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, তপ্ত বাতাস বা ‘লু’ এই দহন জ্বালাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
কলকাতায় আজ সকাল থেকেই চড়া রোদ। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি (২৬.০ ডিগ্রি সেলসিয়াস)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে। আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তীব্র দাবদাহের মাঝে একটাই স্বস্তির খবর— ৭ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দেখা দিতে পারে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
দক্ষিণ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গের আবহাওয়া তখন বেশ মনোরম। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
সামনে নির্বাচন, তার আগে আবহাওয়ার এই ঘন ঘন ভোলবদল ভোটার থেকে রাজনৈতিক কর্মী— সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে।
বিষয় : WEATHER UPDATE West Bengal

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন