নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই আইনি জটিলতায় জড়ালেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তী। ৬৮ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন জনৈক শাহিদ ইমাম। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শাহিদ জেল থেকে মুক্তি পাওয়ার পরই এই আর্থিক তছরুপের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলাকারীর দাবি, ২০২১ সালে একটি ছবি তৈরির চুক্তিতে সোহমকে ৬৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই সময় শাহিদ নিজেও যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু শেষপর্যন্ত ছবিটি তৈরি হয়নি এবং ওই টাকাও অভিনেতা ফেরত দেননি বলে অভিযোগ। এর আগে বিষয়টি আদালতের নির্দেশে 'আরবিট্রেশন'-এর মাধ্যমে মেটানোর চেষ্টা হলেও কোনো সুরাহা হয়নি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শাহিদ ইমাম। আগামী সপ্তাহে বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ভোটের মুখে প্রার্থীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি। করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি দলের কর্মীদের সঙ্গেই এমন আর্থিক তছরুপ করতে পারেন, তিনি বিধায়ক হলে এলাকার মানুষের কী দশা হবে তা স্পষ্ট। অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটের ঠিক আগে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতেই পুরনো ঘটনাকে নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে।
চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহম এবার করিমপুর থেকে লড়ছেন। প্রচারের মাঝেই এই আইনি লড়াই তাঁর নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
বিষয় : soham chakabarty Soham Fraud Case

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন