মুর্শিদাবাদ: তুচ্ছ কারণ। কিন্তু, তার পরিণতি হল ভয়াবহ। সামান্য জ্বালানি কাঠ শুকোতে দেওয়া কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। শুক্রবার ভোরে মুর্শিদাবাদের সালার থানার সালু এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শুদ্ধধন মাঝি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ঘটনার সূত্রপাত হয়। শুদ্ধধন মাঝি লক্ষ করেন, তাঁর ভাই বাড়ির সামনে বেশ কিছু জ্বালানি কাঠ রোদে শুকোতে দিয়েছেন। সেই কাঠ সেখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলতেই দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মৌখিক বিবাদ হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ, ঝগড়া চলাকালীন রাগের মাথায় ভাই একটি বাঁশ দিয়ে শুদ্ধধন মাঝির মাথায় সজোরে আঘাত করেন। এই আঘাতের ফলে শুদ্ধধন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু, পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যদিও বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শুদ্ধধন মাঝির।
এই ঘটনায় এলাকাবাসী! সামান্য বিষয় কীভাবে প্রাণঘাতী রূপ নিতে পারে, এই ঘটনা তারই এক নির্মম উদাহরণ। সালার থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ভাইকে আটক করার জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিষয় : MurshidabadNews

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন