কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই রাজ্যের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে আজ (সোমবার - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬) একটি উচ্চপর্যায়ের বৈঠক করল ভারতের নির্বাচন কমিশন। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
নির্বাচন কমিশনের সদর দফতরে আয়োজিত এই বৈঠকে কমিশনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসএফ-এর প্রতিনিধিরা। এছাড়া, রাজ্যের তরফে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) এবং কলকাতা পুলিশের কমিশনার। নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রাখতেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে প্রধানত যে বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলি হল - রাজ্যজুড়ে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং তাদের কাজের পরিধি কী হবে, তা নির্দিষ্ট করা। বিগত নির্বাচনগুলির অভিজ্ঞতার ভিত্তিতে যে সমস্ত বুথে অশান্তির সম্ভাবনা রয়েছে, সেগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা। এব ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এলাকায়-এলাকায় রুট মার্চ করা এবং যে কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে কুইক রেসপন্স টিম (QRT) তৈরি রাখা।
সূত্রের খবর, রাজ্যজুড়ে ধাপে ধাপে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার একটি খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে কোনও ভয় বা প্ররোচনা ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার উপর বিশেষ জোর দিয়েছে কমিশন। অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাই এখন কমিশনের কাছে প্রধান চ্যালেঞ্জ।
বিষয় : WestBengalElection West Bengal Police

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন