রাজ্যে শিল্পের আকাল, বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা! শিলিগুড়ি থেকে তৃণমূল সরকারকে তোপ সাংসদ রাজু বিস্তার
শিলিগুড়ি: রাজ্যে ‘যুবসাথী’ প্রকল্প চালু হওয়ার দিনে শিল্প ও কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টা। সোমবার শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, একদিকে রাজ্যে শিক্ষিত বেকার বাড়ছে, অন্যদিকে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় যুবসমাজ আজ দিশেহারা।
সাংসদ রাজু বিস্তা এদিন একাধিক পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন যে, বিগত কয়েক বছরে বাংলার শিল্প পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী:
২০১৬ থেকে ২০২১: এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে ২২,০০০-এর বেশি কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে।
২০২১ থেকে ২০২৬: গত পাঁচ বছরে প্রায় ৬,৬০০টি বড় কর্পোরেট হাউজ এবং শিল্প গোষ্ঠী পশ্চিমবঙ্গ থেকে তাদের অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গিয়েছে।
রাজু বিস্তার অভিযোগ, কাজের সুযোগ না থাকায় বাংলার যুবকরা আজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, তরাই ও ডুয়ার্স এলাকা থেকে ব্যাপক হারে যুবকদের পলায়ন বা ‘মাইগ্রেশন’ বাড়ছে। তিনি বলেন, “আমাদের যুবকরা যখন কাজ হারিয়ে বাইরে চলে যাচ্ছে, তখন তাদের জায়গায় রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা এসে বসতি স্থাপন করছে। আমাদের সম্পদ তাদের হাতে চলে যাচ্ছে।”
এই জনবিন্যাসের পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ। তাঁর দাবি, অনুপ্রবেশের ফলে উত্তরবঙ্গের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আজ চরম সংকটের মুখে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নিজেদের জন্মভূমিতেই আমরা ধীরে ধীরে সংখ্যালঘু হয়ে পড়ছি।” যুবসমাজের উদ্দেশ্যে তাঁর বার্তা, বাংলায় আজ ভাতার রাজনীতি নয়, বরং স্থায়ী শিল্প ও চাকরির প্রয়োজন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন