কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া এবং এসআইআর (SIR) শুনানি শেষ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে অতিরিক্ত সময় চাইল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই শুনানির কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বকেয়া কাজ মেটাতে আরও সাত দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের প্রায় ৯৫ শতাংশ এলাকায় শুনানি শেষ হয়ে গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কাজ এখনও বাকি। আট জন নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে তিনি বলেন, শুনানির শেষ দিন ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করার আবেদন জানানো হয়েছে। অধিকাংশ জেলায় কাজ এগোলেও এখনও প্রায় ৩-৪ শতাংশ শুনানি বাকি রয়েছে। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তথ্য আপলোডের ক্ষেত্রে। প্রায় ২৫ শতাংশেরও বেশি তথ্য আপলোড হওয়া এখনও বাকি, যেখানে ডিসপোজাল হয়েছে মাত্র ৩০-৩৫ শতাংশ।
সূত্রের খবর, উত্তর কলকাতা, মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকরা (DEO) আগেই সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। বর্তমানে কাজ বাকি রয়েছে, মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা ও ভাঙড়-সহ মোট ৭টি এলাকা। উত্তর কলকাতার একটি এলাকা এবং দক্ষিণ কলকাতার বন্দর এলাকা।
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া, হাওড়ার একটি এলাকা এবং কার্শিয়াং।
জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে উত্তরপ্রদেশের জন্য বাড়তি এক মাস সময় বরাদ্দ করেছে। বাংলার ক্ষেত্রেও যদি সিইও-র এই আবেদনে কমিশন ‘গ্রিন সিগন্যাল’ দেয়, তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে যাবে। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু ওই দিন পর্যন্ত যদি শুনানিই চলে, তবে তালিকা প্রকাশের কাজ আরও কয়েক দিন পিছিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
বিষয় : SIR

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন