কলকাতা: সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানায় সাড়ে তিন ঘণ্টা ম্যারাথন জেরা সামলে বেরোনোর পর ভাবা হয়েছিল স্বস্তি পেয়েছেন, কিন্তু আসল ‘ক্লাইম্যাক্স’ যে আলিপুর আদালতে অপেক্ষা করছিল, তা হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। থানা থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় এলোমেলো ঘুরে অবশেষে আইনি পরামর্শ নিতে আলিপুর আদালতের এক আইনজীবীর চেম্বারে ঢুকেছিলেন তিনি। আর সেই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে আদালত চত্বর হয়ে উঠল রণক্ষেত্র! প্রাক্তন মন্ত্রীকে সেই ‘ডিম-থেরাপি’র স্বাদ ছোঁয়াতে চেম্বারের বাইরে ডিম হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনকী এক বর্ষীয়ান আইনজীবীকেও জানলার পাশে ডিম উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেগতিক বুঝে অন্দরে টুঁ শব্দটিও করছেন না অরূপ, পরিস্থিতি এতটাই জটিল যে শেষমেশ যে ঘরে প্রাক্তন মন্ত্রী বসে আছেন, লোকলজ্জা আর ডিমের ভয়ে তার আলো পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে!
মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে কার্যত ‘বেপাত্তা’ ছিলেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকালে হঠাৎ থানায় হাজিরা দেওয়ার পর তিনি যখন আলিপুর আদালতে আইনজীবীর চেম্বারে আশ্রয় নেন, তখন ক্ষোভে ফেটে পড়েন আদালতের আইনজীবীরা। মুহূর্তের মধ্যে চেম্বারের বাইরে ভিড় জমিয়ে স্লোগান উঠতে থাকে, “কোনও চোরকে এখানে আশ্রয় দেওয়া যাবে না, অরূপকে এখনই বাইরে বের করে দিতে হবে।” পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশ হাতে ডিম নিয়ে জানলার ওপারে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, “একবার বাইরে আসুন, নাহলে আমাদের ভেতরে ঢুকতে দিন, আমরা কিছুই করব না!” আবার ভিড়ের মধ্য থেকে কেউ কেউ চরম কটাক্ষ ছুড়ে বলেন, “আরে মশাই বেরিয়েই আসুন না, আমরা তো আপনাকে নয়, খোদ মেসিকে দেখতে এসেছি!”
এদিকে অরূপ বিশ্বাসও খুব ভালো করেই জানেন যে, এই মুহূর্তে চেম্বারের দরজা খোলা মানেই পচা ডিমে এক্কেবারে ‘মাখামাখি’ দশা হওয়া। আর সেই কারণেই ঘরের আলো নিভিয়ে ভেতরে কার্যত খাঁচাবন্দি দশায় সময় গুনছেন এই দাপুটে তৃণমূল নেতা। তবে বিক্ষুব্ধ আন্দোলনকারীরাও নাছোড়বান্দা। তাঁদের সাফ হুঁশিয়ারি, অরূপ বিশ্বাসকে বাইরে বের না করা পর্যন্ত তাঁরা একচুলও নড়বেন না। থানা থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের গন্তব্যের কথা গোপন রেখেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, কিন্তু আলিপুর আদালতের এই বেনজির ‘ডিম-ঘেরাও’ কান্ডে তাঁর সেই সমস্ত গোপন পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। আদালত চত্বরে এখন থমথমে উত্তেজনা, মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
বিষয় : BengalPolitics messiscam ARUPBIWAS EGGATTACK

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন