‘বিগ বস বাংলা’র অন্দরমহলের খবর জানতে সবসময়ই কৌতূহলী থাকেন দর্শকরা। ইতিমধ্যেই ঘরে প্রবেশ করেছে তিন জন ওয়াইল্ড কার্ড। এবার চতুর্থ ওয়াইল্ড কার্ড নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। টলিপাড়ার অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরেই জোর চর্চা। যদিও তাঁর প্রবেশের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আসলে ‘বিগ বস বাংলা’র প্রিমিয়ারের শুটিংয়ের সময়ই হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন শন। শেষ পর্যন্ত মূল প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করতে পারেননি। পরে হাঁটুতেও অস্ত্রোপচার করাতে হয় অভিনেতাকে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছিলেন তিনি। এবার সেই শন-ই নাকি চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এই খবর ছড়াতেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কারণ, বিগ বসের বর্তমান প্রতিযোগী হিসেবে রয়েছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই শন ও সৃজলাকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছিল। যদিও দু’জনেই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
বিগ বসের ঘরেও আগেও শনের প্রসঙ্গ উঠেছে। নন্দিনী দত্তকে বিভিন্ন সময়ে সৃজলার ‘প্রেমিক’ প্রসঙ্গে ইঙ্গিত করতে শোনা গিয়েছে। নাম সরাসরি না বললেও সেই ইঙ্গিত শনকে ঘিরেই ছিল বলে দর্শকদের একাংশের ধারণা। এমনকী, সৃজলা ক্যাপ্টেন্সি টাস্কে চোট পাওয়ার পরও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন শন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনাটিকে ‘বিরক্তিকর, অমানবিক এবং লজ্জাজনক’ বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই ঘটনার পর একই রিয়্যালিটি শোয়ের ঘরে তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে ভেবে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
বিষয় : Big Boss Bangla Sean Banerjee

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন