ওষুধ কেনার ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। এবার থেকে কাশি-সর্দির সিরাপ হোক বা অন্য কোনও সিরাপজাত ওষুধ, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া তা কেনা যাবে না। ওভার-দ্য-কাউন্টার (OTC) বিক্রিতে কার্যত ইতি টেনে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
নতুন নিয়ম অনুযায়ী, দেশের সমস্ত মেডিক্যাল স্টোর ও ফার্মেসিকে প্রেসক্রিপশন দেখেই সিরাপজাত ওষুধ বিক্রি করতে হবে। এতদিন বহু ধরনের কাশির সিরাপ ও অন্যান্য তরল ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই সহজে পাওয়া যেত। কিন্তু নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই সুযোগ আর থাকবে না।
সরকারি সূত্রে জানা গিয়েছে, সিরাপজাত ওষুধের অপব্যবহার, অতিরিক্ত ব্যবহার এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কাশির সিরাপের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। সেই কারণেই বিক্রির ক্ষেত্রে আরও কঠোর নজরদারির পথে হাঁটল কেন্দ্র।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতীয় উৎপাদিত কিছু কাশির সিরাপকে ঘিরে দেশে-বিদেশে একাধিক বিতর্ক সামনে এসেছে। দূষিত সিরাপ সেবনের ফলে শিশু মৃত্যুর ঘটনাও সামনে আসে, যার জেরে ওষুধের গুণমান ও বিক্রি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর থেকেই ওষুধ বিক্রিতে কড়াকড়ির দাবি জোরালো হতে থাকে।
নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর সাধারণ মানুষকে সিরাপজাত ওষুধ কিনতে গেলে চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে ফার্মেসিগুলিকেও নিয়ম মেনে বিক্রি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের আশা, এই সিদ্ধান্তের ফলে ওষুধের অপব্যবহার কমবে এবং রোগীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন