কলকাতা: উৎকণ্ঠার অবসান। রাজ্যের নির্বাচনের কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া স্নাতকস্তরের (UG) প্রথম সেমেস্টারের লিখিত পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত এই পরীক্ষাগুলি চলবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে প্রথম সেমেস্টারের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং তা ২৫ এপ্রিল পর্যন্ত চলার নির্ঘণ্ট তৈরি হয়েছিল। কিন্তু, ভোটপ্রক্রিয়া শুরু হতেই দেখা দেয় বিপত্তি। শ্রীরামপুর কলেজ, বিবেকানন্দ কলেজ এবং সিটি কলেজের মতো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়, ১৩ এপ্রিলের পর থেকেই কলেজগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাহিনী মোতায়েন থাকলে পরীক্ষার্থীদের বসার জায়গা এবং পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এই সঙ্কটের জেরেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, ১০, ১১ এবং ১৩ এপ্রিল যে পরীক্ষাগুলি নির্ধারিত ছিল, সেগুলি পূর্ব ঘোষণা মতোই সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষাগুলি, যা ২৫ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল, সেগুলিই পিছিয়ে নেওয়া হয়েছে মে মাসে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে এই স্থগিত থাকা পরীক্ষাগুলি।
পরীক্ষার তারিখ ঘোষণা হলেও শিক্ষক মহলের একাংশের মধ্যে এখনও কিছুটা ধন্দ রয়েছে। কারণ, আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা। ফল প্রকাশের পর রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনী কত দিন কলেজগুলিতে থাকবে। যদি ফল ঘোষণার পরেও কলেজগুলি থেকে বাহিনী না সরানো হয়, সেক্ষেত্রে ১১ মে থেকে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও, আপাতত মে মাসের দ্বিতীয় সপ্তাহেই পরীক্ষা হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন