প্রয়াগরাজ: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি আদতে ব্রিটিশ নাগরিক? দীর্ঘদিনের এই বিতর্ক এবার নতুন মোড় নিল। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, যোগী সরকার চাইলে নিজে অথবা কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রাহুলের দ্বৈত নাগরিকত্ব ইস্যু খতিয়ে দেখতে পারে। ভোটের আবহে আদালতের এই নির্দেশে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কংগ্রেস শিবির।
বিজেপি নেতা ভিগ্নেশ শিশির লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালতে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, রাহুল কেবল ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক। এর স্বপক্ষে ব্রিটিশ সরকারের কাছ থেকে পাওয়া কিছু তথ্যের কথাও উল্লেখ করেন তিনি। যদিও নিম্ন আদালত এই মামলাটিকে ‘আইনি প্রক্রিয়ার অপব্যবহার’ বলে খারিজ করে দিয়েছিল। কিন্তু, নাছোড়বান্দা ওই নেতা হাইকোর্টের দ্বারস্থ হতেই এবার তদন্তের সবুজ সঙ্কেত মিলল।
রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে অভিযোগ আজকের নয়। এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও একই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন। তাঁর মূল অভিযোগ ছিল, ২০০৫ ও ২০০৬ সালে এই ব্রিটিশ সংস্থার বার্ষিক রিটার্নে রাহুল নিজেকে ব্রিটেনের নাগরিক হিসাবে উল্লেখ করেছেন। ইংল্যান্ডে থাকা রাহুলের একটি কোম্পানির নথিতেও তাঁর নাগরিকত্ব ব্রিটিশ দেখানো হয়েছে বলে দাবি করা হয়।
ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনও নাগরিক যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে রাহুল গান্ধীর সাংসদ পদ এবং নির্বাচনে লড়াই করার যোগ্যতা - দুই-ই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে।
মজার বিষয় হল, এর আগে এই ইস্যুটি বারবার সামনে এলেও মোদী সরকার সেভাবে সক্রিয়তা দেখায়নি। কিন্তু, এবার সরাসরি এলাহাবাদ হাইকোর্ট তদন্তের নির্দেশ দেওয়ায় বিষয়টি আর রাজনৈতিক তরজার মধ্যে সীমাবদ্ধ থাকল না। যোগী আদিত্যনাথের সরকার যদি এই তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর সাহায্য নেয়, তাহলে আগামী দিনে রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।
বিষয় : BJP congress rahulgandhi allahabadhighcoart

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন