ঢাকা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশ-বিদেশের ২০১ জন বিশিষ্ট প্রকৌশলী। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তাঁরা ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে 'অবৈধ' হিসাবে আখ্যায়িত করে অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ রেখে একটি 'প্রহসনের নির্বাচন' আয়োজনের নীল নকশা করা হচ্ছে ।
গণতন্ত্র ও ভোটাধিকারের উপর আঘাত:
সংশ্লিষ্ট বিবৃতিতে প্রকৌশলীরা দাবি করেন, ২০২৪ সালের জুলাই-অগস্টে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দাঙ্গা সৃষ্টির মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হয়েছে । তাঁরা উল্লেখ করেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ — যা প্রায় ৬০% জনগণের প্রতিনিধিত্ব করে — তাকে বাদ দিয়ে কোনও নির্বাচনই গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক হতে পারে না । অনির্বাচিত সরকারের পক্ষ থেকে কোন দল নির্বাচনে অংশ নেবে, তা নির্ধারণ করে দেওয়াকে জনগণের মৌলিক অধিকারের অবমাননা ও গণতন্ত্রের প্রতি উপহাস বলেও তাঁরা অভিহিত করেছেন ।
এই বিবৃতিতে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া উল্লেখ করে বলা হয়, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন-সহ অন্যরা এবং যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিকস-সহ বেশ কয়েকজন কংগ্রেস সদস্য পৃথক বিবৃতিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন । যেকোনও জনসমর্থন প্রাপ্ত দলকে নিষিদ্ধ করা রাষ্ট্রসংঘ ও বন্ধু দেশগুলির অবস্থানের পরিপন্থী বলেও বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয় ।
প্রকৌশলীদের উত্থাপিত ৪ দফা দাবি:
দেশের এই "ভয়াবহ সঙ্কটকাল" পার করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ২০১ জন প্রকৌশলী সরকারের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন:
১. নিষেধাজ্ঞা প্রত্যাহার: আওয়ামী লীগ-সহ ১৪ দলীয় জোট এবং স্বাধীনতার স্বপক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উপর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সকল ধরনের বেআইনি নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে ।
২. মিথ্যা মামলা ও মুক্তি: শেখ হাসিনা-সহ জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র-যুবক, সাংবাদিক, শিক্ষক এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত "মিথ্যা মামলা" প্রত্যাহার এবং ধৃতদের মুক্তি দিতে হবে ।
৩. সংখ্যালঘু সুরক্ষা: ধর্মীয় সংখ্যালঘু ও পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর ঘটে চলা হিংসাত্মক হামলা, মন্দির ভাঙচুর ও লুণ্ঠন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।
৪. নিরপেক্ষ সরকার গঠন: বর্তমান সরকারকে অপসারিত করে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ।
বিবৃতিতে প্রকৌশলীরা দেশের সকল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই "দানবীয় দুঃশাসনের" বিরুদ্ধে জয়লাভের আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন