বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের সমস্যা নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠে আসছে। এবার সেই সমস্যা মোকাবিলায় প্রযুক্তির সাহায্য নিল রাজ্য সরকার। বিদ্যুৎ চুরি রুখতে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ ‘বিদ্যুৎ প্রহরী’। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নতুন এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিদ্যুৎ চুরি, হুকিং বা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। এতদিন অনেক ক্ষেত্রেই বিদ্যুৎ চুরির অভিযোগ জমা পড়লেও তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যেত না। এবার অ্যাপের মাধ্যমে অভিযোগের পাশাপাশি তার অগ্রগতিও জানতে পারবেন অভিযোগকারীরা। অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে বিদ্যুৎ চুরি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।” এছাড়াও তাঁর কথায়, “বিদ্যুৎ চুরি জিরো করতে হবে। ফ্যাক্টরিগুলোতে বকেয়া বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে বিদ্যুৎ বিল পেন্ডিং রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা নেতা ঘনিষ্ঠ। কিন্তু ওসবে হবে না। বকেয়া বিল আদায় করুন। নোটিস পাঠান। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে মানবিক হন। পাস্ট রেকর্ড দেখে সিদ্ধান্ত নিতে হবে।”
শুধু বিদ্যুৎ চুরি নয়, এদিন বিদ্যুৎ দপ্তরের নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়া উচিত। কোনও সুপারিশ বা প্রভাব খাটিয়ে নিয়োগ করা যাবে না। এরপরই তিনি জানান, এবার থেকে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়াও পাবলিক সার্ভিস কমিশনের (PSC) আওতায় আনা হবে।
তবে এবার জেনে নেওয়া যাক যে এই ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ কীভাবে কাজ করবে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি খুললেই পাওয়া যাবে অভিযোগ জানানোর অপশন। কোথায় বিদ্যুৎ চুরি হচ্ছে, কী ধরনের সমস্যা হয়েছে - সেই সংক্রান্ত তথ্য সরাসরি জানানো যাবে। শুধু অভিযোগ জানানো নয়, অ্যাপের মাধ্যমেই দেখা যাবে অভিযোগের বর্তমান পরিস্থিতি। জানা গিয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। ২৪ ঘণ্টা অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মতামত বা অন্যান্য সমস্যার কথাও জানানো যাবে এই অ্যাপের মাধ্যমে। সরকারের লক্ষ্য, প্রযুক্তির দ্বারা বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুত করা।
বিষয় : CM Suvendu Adhikari Electricity

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন