শীতলকুচিতে রাজনৈতিক উত্তেজনা যেন থামছেই না। এবার ডিম হামলার অভিযোগ উঠল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে। মঙ্গলবার সকালে মৃত সিপিএম কর্মী মণ্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে শীতলকুচিতে গিয়েছিলেন মীনাক্ষী। ফেরার পথে শীতলকুচি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
ঘটনায় ক্ষুব্ধ হয়ে গাড়ি থামিয়ে দেন মীনাক্ষী। নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন তিনি। এরপর পুলিশের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান সিপিএম নেত্রী। তাঁর প্রশ্ন, “আগে পুলিশ গ্রেপ্তার করুক। তারপর দেখা যাবে। আমার অপরাধটা কী? রাস্তায় কি বেরনো যাবে না?” মীনাক্ষী সরাসরি বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নিজের রেকর্ড করা ভিডিও পুলিশের হাতে তুলে দেবেন বলেও জানান তিনি।
বারুইপুরের প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার শীতলকুচির খুটামারি নদীর ধারে মৃত অবস্থায় উদ্ধার হন সিপিএম কর্মী মণ্টু মিঞা। পরিবারের অভিযোগ, গরু কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁকে গোরক্ষকদের হাতে প্রাণ হারাতে হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এবং পরিবারের সঙ্গে দেখা করতেই শীতলকুচিতে গিয়েছিলেন মীনাক্ষী। ডিম হামলার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখনও পর্যন্ত বিজেপির তরফে এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন