তৃণমূলের ‘সেবাশ্রয়’ প্রকল্প ঘিরে বিতর্ক যেন থামছেই না। ডায়মন্ড হারবার ও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়েরের পর এবার পারুলিয়া কোস্টাল থানাতেও নতুন করে লিখিত অভিযোগ জমা পড়ল। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তি এবং কয়েকজন তৎকালীন প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং ব্যবহৃত ওষুধের গুণমান নিয়েও রয়েছে বড় প্রশ্ন।
অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ-সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্য দপ্তরের কয়েকজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। বিজেপি নেতার দাবি, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছিল। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মী-সমর্থকরা কোটি টাকা মূল্যের সেই ওষুধ উদ্ধার করেন। যদিও পুলিশ নমুনা সংগ্রহ করলেও এখনও পর্যন্ত কোনও মামলা রুজু হয়নি বলে দাবি তাঁর। অভিজিৎ দাসের অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ ছিল। তাঁর দাবি, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ কেনা ও সরবরাহে যে ব্যাপক অনিয়ম হয়েছে, এই ঘটনাই তার অন্যতম প্রমাণ। পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিনে ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানাতেও একই ইস্যুতে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর কথায়, "অভিযোগ এসেছে। পুলিশ তদন্ত করবে। জেলাশাসক বা স্বাস্থ্য দপ্তরের যা সাহায্য প্রয়োজন, তা নেবে। অপরাধ হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" অন্যদিকে, একের পর এক অভিযোগ সামনে আসার পর স্বাস্থ্যদপ্তরও পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন