কলকাতা: ২৫ কোটি টাকা দিয়ে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত আর্থিক সঙ্কট মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে মেগাপ্রতিশ্রুতির একটিও পূরণ করা তো দূরের কথা, তাঁর দেওয়া সই করা চেক বাউন্স করল পরপর তিনবার! এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে অবশেষে কঠোর পদক্ষেপ করল ক্লাবের কার্যকরী কমিটি। জরুরি বৈঠক ডেকে সভাপতি পদ থেকে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সোজা ‘বিতাড়িত’ করল মহামেডান কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্লাবের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে গজল জাফরকে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মহামেডান স্পোর্টিংয়ের পরিচালনা সমিতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। ক্লাবের ১৩ কোটি টাকার দেনা মেটানোর আশ্বাস দিয়ে সভাপতির কুর্সিতে বসেন রাজনীতিক হুমায়ুন কবীর। দায়িত্ব নিয়েই মোট দেড় কোটি টাকার একাধিক চেক তুলে দেন তিনি। কিন্তু ক্লাবের অ্যাকাউন্টে সেই অর্থ ঢোকা দূরে থাক, বারবার চেক বাউন্স করায় তীব্র অসন্তোষ ছড়ায় ক্লাব কর্তাদের মধ্যে। চেক থেকে টাকা না মেলায় গত সোমবার বিধায়ককে আইনি নোটিস পাঠায় মহামেডান কর্তৃপক্ষ। সেখানে স্পষ্ট জানানো হয়, এই ধরনের আচরণ কেবল চুক্তিভঙ্গ নয়, আইনত শাস্তিযোগ্য অপরাধ।
আইনি নোটিসের পরও হুমায়ুনের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া বা আর্থিক সমাধানের সংকেত পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার তড়িঘড়ি ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত সমস্ত কর্মকর্তা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে, আর্থিক প্রতিশ্রুতিতে বিশ্বাসভঙ্গ করা হুমায়ুনকে আর সভাপতির চেয়ারে রাখা সম্ভব নয়। এর পরেই তাঁকে পদ থেকে অপসারণ করে নতুন সভাপতি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। ঐতিহ্যবাহী সাদা-কালো ব্রিগেডের এই নজিরবিহীন আইনি ও প্রশাসনিক সিদ্ধান্তে ময়দানে প্রবল শোরগোল পড়ে গিয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন