কলকাতাঃ ১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার টাকা। ফের একবার এই সময়সীমা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উপভোক্তাদের অন্তিম পর্যায়ের যাচাই-বাছাই চলছে। সেই প্রক্রিয়া শেষ হলেই পূর্বঘোষণা অনুযায়ী যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যাঁদের ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে অর্থ দফতর। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার বদলের পর সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। জুলাইয়ে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৯ লক্ষে। চলতি মাসে আরও বেশি সংখ্যক মহিলা এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রকল্পের প্রসঙ্গে আগের তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের সময় মহিলাদের আর্থিক সহায়তার টাকা পেতে দীর্ঘ সময় লাগত। বার বার ভেরিফিকেশন করা হত। তাঁর বক্তব্য, যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রে আর সেই দীর্ঘসূত্রিতা থাকবে না। এখন নজর, মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় এই দফায় কতজন যোগ্য মহিলা প্রকল্পের আওতায় আসেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন