শনিবার সকালেই বেহালার শিলপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। ডায়মন্ড হারবার রোডে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় প্রাণ গেল এক মহিলার। অভিযোগ, ধাক্কার পরও বাস থামেনি। চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি।
স্থানীয়দের দাবি, সকালে শিলপাড়ার কাছে রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। সেই সময় সিগন্যাল বন্ধ ছিল। তিনি রাস্তার মাঝামাঝি পৌঁছতেই আচমকা সিগন্যাল সবুজ হয়ে যায়। ঠিক তখনই ঠাকুরপুকুরের দিক থেকে আসা ১২সি রুটের একটি বাস দ্রুত গতিতে এগিয়ে এসে তাঁকে ধাক্কা মারে। এরপর বাসের চাকায় পিষ্ট হন মহিলা। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বেহালায় পরপর দুর্ঘটনার ঘটনায় ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কয়েকদিন আগেই বেহালা-চৌরাস্তার কাছে শিমুলতলায় দুই বাসের রেষারেষির অভিযোগে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। তারও আগে চৌরাস্তায় লরির চাকায় পিষে মৃত্যু হয়েছিল বড়িশা স্কুলের এক ছাত্রের। সেই রেশ কাটতে না কাটতেই ফের বাসের চাকায় প্রাণ গেল এক পথচারীর।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন