কলকাতা: হালিশহরের রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমার বুকে চরম হেনস্তার মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার হালিশহরে গো-ব্যাক স্লোগান ও জল-কাদা ছোড়ার ঘটনার একদিনের ব্যবধানে মঙ্গলবার বিকেলে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরার পথ ধরতেই তাঁকে লক্ষ্য করে বিজেপির কর্মী-সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান তুলতে শুরু করেন, যা ঘিরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা।
সূত্রের খবর, বিজেপিকে নিশানা করে নেতাজির মূর্তির পাদদেশ থেকে বক্তব্য রেখে মমতা রওনা দিতেই আচমকা সেখানে হাজির হন বিজেপি সমর্থকরা। রাস্তার ওপর বসে পড়ে তাঁরা ‘চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জী চোর হ্যায়’ স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতৃত্বের সাফ দাবি, বিপ্লবী স্মরণে বাধা দেওয়া হয়নি, তবে দুর্নীতি ইস্যুতে সোচ্চার হতেই এই স্লোগান তোলা হয়েছে। কিন্তু এভাবে বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয় ও উপস্থিতি ঘিরে তীব্র ক্ষোভ ও অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করছে রাজনৈতিক মহল।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন