কলকাতাঃ ফের রাতের শহরে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। কামালগাছি বাইপাসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি চারচাকা গাড়ি। সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের দেওয়ালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। বুধবার গভীর রাতে একটি বেসরকারি স্কুলের সামনে এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতদের মধ্যে একজনের নাম সাগ্নিক সেন। বয়স আনুমানিক ২৬ বছর। অপর মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহতদেরও পরিচয় এখনও মেলেনি। তবে প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার যুবকেরই বাড়ি বিজয়গড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চার যুবক একটি চারচাকা গাড়িতে করে কামালগাছি বাইপাস ধরে যাচ্ছিলেন। অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাইপাসের ধারে একটি বেসরকারি স্কুলের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার পাশের দেওয়ালে। এর ফলে গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে পড়ে স্কুলের প্রাচীরের একাংশও।
দুর্ঘটনার বিকট শব্দে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার যুবককে গাড়ি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার নেপথ্যে বেপরোয়া গতি নাকি অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয় : Kolkata Road Accident

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন