কলকাতাঃ সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ ও বেশ কয়েক দিন জোর করে আটকে রাখার অভিযোগ উঠল রাজ্য পুলিশের এক সহকারী সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজমল হক। তিনি বীরভূমের নলহাটি থানায় সহকারী সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয় বলে খবর। গত জুন মাসে সল্টলেকের একটি গেস্ট হাউসে তাঁদের দেখা হয়। অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষণ করেন আজমল। তাঁকে বেশ কয়েক দিন গেস্ট হাউসের ভিতরে জোর করে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসার পর বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করতে চায় বিধাননগর পূর্ব থানার পুলিশ।
বিষয় : Physical Assault Saltlake

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন