কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর বাংলায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলা শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে এক বিরাট চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১০ অক্টোবর মহালয়ার পূণ্যলগ্নে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। সূত্রের মারফত জানা গিয়েছে, শুভেন্দু সরকারের উদ্যোগে আয়োজিত এই রাজকীয় আগমনী উৎসবে সশরীরে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে মাসখানেক সময় থাকতেই ইতিমধ্যেই এই মেগা ইভেন্টকে রূপ দিতে তৎপর হয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর এবং প্রয়োজনীয় কাজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়াও দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে।
ইডেনের এই বিশাল মঞ্চে বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, রণপা, ছৌ নাচ, ধুনুচি নাচের সুর আর শত শত ঢাকির অবিশ্রান্ত বোল একসঙ্গে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল জমানার পতনের পর রাজ্যের বহু পুজো কমিটির ভবিষ্যৎ ও অনুদান নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, রাজনীতির ঊর্ধ্বে উঠে পুজো তার নিজস্ব মহিমায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। কারণ দুর্গাপুজো কেবল ধর্মীয় পার্বণ নয়, এর সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ প্রতিমাশিল্পী, আলোকশিল্পী, পোশাক ব্যবসায়ী, ঢাকি, মণ্ডপ নির্মাতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজি।
অর্থনৈতিক চক্র যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বাংলার পুজো অর্থনীতি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে এত বড় আয়োজনের ক্ষেত্রে ইডেনের ত্রিস্তরীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেই চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন