কলকাতা: পঞ্চায়েত ও পুরসভা এলাকায় অনৈতিক কার্যকলাপ এবং তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়তেই এবার দলে বড়সড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। নব্য ও প্রবীণ কর্মীদের অন্তর্দ্বন্দ্বে একাধিক জেলায় গোষ্ঠী কোন্দল চরমে ওঠায় কড়া অবস্থান নিচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। সুনির্দিষ্ট রিপোর্টের ওপর ভিত্তি করে খুব শীঘ্রই রাজ্যের ১২টিরও বেশি সাংগঠনিক জেলার সভাপতিদের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। দলীয় সূত্রের খবর, জেলা সভাপতিদের একাংশ নিচুতলার সুবিধাবাদী ও অসৎ কর্মীদের সঙ্গে আপস করে চলায় এবং অনৈতিক কাজ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তাঁদের ওপর আস্থা হারাচ্ছে রাজ্য নেতৃত্ব। জেলা সভাপতিদের পাশাপাশি ২০০-র বেশি মণ্ডল সভাপতিকেও সরানোর প্রস্তুতি চলছে।
বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও আসানসোলের মতো অঞ্চলগুলিতে ‘হঠাৎ বিজেপি’ হয়ে যাওয়া প্রাক্তন তৃণমূলী নেতাদের বাড়বাড়ন্ত রোধ করতেই এই কঠোর পথ বেছে নেওয়া হয়েছে। পুরসভা নির্বাচনে যাতে এই সব সুবিধাবাদী মুখেরা ভুল বুঝিয়ে টিকিট আদায় করতে না পারে, তার জন্য কঠোর বার্তা দেওয়া হয়েছে। হাওড়া ও হুগলিতে দলের প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও (আরএসএস)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগস্টের শেষ সপ্তাহে জেলায় জেলায় শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ শিবির, যেখানে দলের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ ও রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল সরাসরি নজর রাখবেন। এই প্রশিক্ষণ পর্ব মিটলেই আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে এই বড়সড় সাংগঠনিক রদবদল।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন